হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি - The News Lion

হাবড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

 


দি নিউজ লায়নঃ     একুশের জুলাইয়ের আগের রাতেই  স্থানীয় এক তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটলো উত্তর ২৪ পরগণা জেলার হাবড়ায়। জানা যায়, হাবড়া হাটথুবার  ঘোষপাড়ার দুই নম্বর গ্রাম সেবা সংঘ স্কুলের সামনে স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। 


এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, একুশের জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষ্যে মঙ্গলবার রাতে হাবড়ার  স্থানীয় সেবা সংঘের স্কুলের সামনে লক্ষী বিশ্বাসের বাড়িতে একটি বৈঠকের আয়োজন করে এলাকার তৃণমূল নেতৃত্ব। জানা যায়, একুশে জুলাই উপলক্ষ্যে এলাকার বেশ কিছু বিজেপি কর্মীরা (পুরুষ ও মহিলা সহ)  তৃণমূলে যোগদান করা উপলক্ষ্যে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিলো। 


সেই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা রাজীব সরকার। জানা যায়, একুশে জুলাইয়ের দিন স্থানীয় বেশ কিছু বিজেপি কর্মীরা তৃণমূলে যোগদান করবেন বলে ওই বৈঠকের বাইরে এলাকার পরিচিত ও অপরিচিত বেশ কিছু বিজেপি কর্মীদের ভীড় জমে যায়। বৈঠক চলাকালীন সময়ে রাত আনুমানিক ৮ টা নাগাদ  তৃণমূল নেতা রাজীব সরকারের মোবাইলে ফোন এলে নেটওয়ার্কের সমস্যার কারণে তিনি ফোনে কথা বলতে বৈঠক ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।


 সেই সময়  এক দুস্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। রাজীব বিশ্বাস জানান, তিনি মোবাইলে কথা বলার জন্য রাস্তায় বের হতেই দেখতে পান বিজেপি কর্মীদের ভীড়ের মধ্য থেকে মাথায় টুপি দেওয়া লম্বা একজন তারদিকে এগিয়ে আসছে। তারপর সে কিছুটা এগিয়ে এসে তার কোমরে লুকিয়ে রাখা পিস্তল বের করে রাজীবের দিকে তাক করে। 


আলো আধারির মধ্যে দুস্কৃতী হাতে পিস্তল তুলে নেওয়ার ঘটনা দেখতে পেয়েই তড়িঘড়ি লক্ষী বিশ্বাসের বাড়ির দিকে দৌড় লাগান তৃণমূল নেতা রাজীব বিশ্বাস। সেই সময়েই পিছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতী।অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় গুলি। এরপর গুলির আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয় এলাকার মানুষজন। সেই ফাঁকেই পালিয়ে যায় দুস্কৃতী। এদিকে ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ। তবে এই ঘটনায় বুধবার সকাল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। 


 তৃণমূল নেতা রাজীব সরকার জানান, এই ঘটনায় দুস্কৃতীকে সঠিকভাবে চিনতে না পারলেও সে যে বিজেপি আশ্রিত সেই বিষয়ে আমি নিশ্চিত। তিনি বলেন, গত বিধানসভা নির্বাচনের সময় থেকেই আমাকে টার্গেট করা হচ্ছিলো। কারণ, আমি গত বিধানসভা নির্বাচনে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করেছিলেম। 


এলাকার বিজেপি নেতৃত্বরা এলাকায় জ্যোতিপ্রিয় মল্লিকের উন্নয়ন সহ্য করতে পারছিলেন না। তাই জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে আমরা এলাকার উন্নয়নের কাজ করায় ওরা আমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা নেয়। এই বিষয়ে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, একুশের নির্বাচনী ফলাফলের পর বিজেপি যে আমাদের দলীয় নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।যদিও এই ঘটনায় বিজেপি জড়িত নয় বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.